WFTW Body: 

অনেকে যেমন ক্রোধ, অর্থলোভ, অন্যের সম্মান লাভের চেষ্টা, শত্রুকে ঘৃণা করা বা ছোটখাটো মিথ্যা বলাকে পাপ মনে করে না, ঠিক তেমনি অনেকে উদ্বেগকেও পাপ বলে মনে করে না।

অনেকে এই ধরনের বিষয়গুলোকে কেবল দুর্বলতা বলে। যতক্ষণ আপনি একে "দুর্বলতা" বলবেন, ততক্ষণ আপনি কখনোই তা থেকে মুক্ত হতে পারবেন না। প্রভু যীশু আমাদের দুর্বলতা থেকে রক্ষা করতে আসেননি; তিনি এসেছিলেন আমাদের পাপ থেকে রক্ষা করতে। যদি আমরা কোনো কিছুকে পাপ বলে স্বীকার করি, তবে যীশু আমাদের তা থেকে রক্ষা করবেন। কিন্তু যদি আপনি একে আরও মার্জিত কোনো নাম দেওয়ার চেষ্টা করেন, তবে আপনি কখনোই তা থেকে মুক্ত হতে পারবেন না। কোনো কিছুকে আপনার ভাবনার সবচেয়ে নোংরা নামে ডাকুন-কামনাকে বলুন "ব্যভিচার", ক্রোধকে বলুন "খুন", অর্থের লোভকে বলুন "ঈশ্বরের প্রতি ঘৃণা", এবং আপনি তা থেকে মুক্ত হয়ে যাবেন, কারণ আপনি দেখতে পাবেন যে এটি কতটা জঘন্য একটি মন্দ জিনিস।

আপনি যদি এইডস এবং ক্যান্সারকে শুধুমাত্র কাশি বা সর্দির মতো গুরুতর বলে মনে করেন, তবে আপনি এটিকে গুরুত্ব সহকারে নেবেন না। অনেক মানুষ এই পাপগুলোকে খুব হালকাভাবে নেয়, যদিও যীশু এগুলোর বিরুদ্ধে এত কঠোরভাবে কথা বলেছিলেন। আমি তাদের দোষ দিই না, কারণ আমি বলব যে তাদের নেতা ও শিক্ষকরা তাদের এই বিষয়গুলো শেখাননি। এমন খ্রীষ্টান প্রচারক ও শিক্ষকের খুব অভাব রয়েছে যারা ঈশ্বরের সম্পূর্ণ সত্য প্রচার করেন এবং মানুষের সম্মান খোঁজেন না। এমন প্রচারক খুব কমই আছেন যারা কারো টাকা চান না, বরং ঈশ্বরের লোকদের আধ্যাত্মিক সাহায্যের দিকে পরিচালিত করার জন্য সত্য বলতে চান। এটা এমন একজন ডাক্তারের মতো যিনি আপনার টাকায় আগ্রহী নন, বরং আপনাকে সুস্থতার দিকে নিয়ে যেতে আগ্রহী। এমন প্রচারক খুব কমই আছেন।

লোকেরা উদ্বেগকেও দুর্বলতা বলে। এটা শুধু দুর্বলতা নয়।

মথি ৬:২৫-৩৪ পদে, মহাবিশ্বের প্রভু, যীশু খ্রীষ্ট তিনবার বলেছেন, "ভাবিত হইও না"। মাত্র দশটি পদের মধ্যে, প্রভু তিনবার বলেছেন "ভাবিত হইও না"। ইনিই সেই প্রভু যিনি আমাদের নরহত্যা, ব্যভিচার এবং চুরি না করার আদেশ দিয়েছেন। এই সবগুলোকে একসাথে করুন: "হত্যা করিও না,ব্যভিচার করিও না,চুরি করিও না, এবং ভাবিত হইও না"। এর মধ্যে কোনটি পাপ নয়? আপনি কি বলতে পারেন, "ওহ, আমি তো সপ্তাহে মাত্র একবার বা দুবার উদ্বিগ্ন হই?" এটা অনেকটা বলার মতো, "আমি তো সপ্তাহে মাত্র একবার বা দুবার মানুষ খুন করি" অথবা, "আমি সপ্তাহে একবার বা দুবার ব্যভিচার করি, খুব বেশি নয়।"

কেন আমরা কিছু পাপকে গুরুত্বের সাথে নিই, আর অন্যগুলোকে নিই না? কারণ আপনার শিক্ষকরা আপনাদের শেখাননি। ভয় করা কোনো দুর্বলতা নয়, এটি একটি পাপ - যেমন খুন করা একটি পাপ । আমরা কীভাবে জানব কোনটা পাপ? ঈশ্বর যদি বলেন এটা করা উচিত নয়, তবে তা পাপ। ঈশ্বর যদি আপনাকে বলে থাকেন আপনার স্ত্রীকে প্রেম করতেই হবে, আপনার স্ত্রী যদি একজন দুষ্ট নারীও হয়, তবুও আপনাকে তাকে প্রেম করতে হবে, কারণ ঈশ্বর এমনটাই বলেছেন। আর ঈশ্বর যদি কোনো কিছু করতে বারণ করেন, এমনকি যদি আপনি মনেও করেন না যে তা মন্দ, তবুও তা করবেন না - এটি মন্দ। এর কারণ এই নয় যে আমি মনে করি ব্যভিচার খারাপ। ঈশ্বর বলেছেন, "এটা করো না।" তিনি বলেছেন, "চিন্তিত হইও না, এবং ভয় করিও না"। ঈশ্বর যে কাজগুলো "করতে বারণ করেছেন", সেগুলোকে আমি মন্দ হিসেবে দেখতে চাই।

উদ্বেগ ঈশ্বরের সাথে আমার সহভাগিতা নষ্ট করে দেয়। উদ্বেগ বলে যে, ঈশ্বর আমার যত্ন নেন না। এটা ঈশ্বরের প্রতি একটি অপমান। আপনি একটি চার বছরের শিশুর কথা কী ভাববেন, যে ময়লার ঝুড়ি থেকে খাচ্ছে? আমাদের দেশে এরকম অনেকেই আছে। দুর্ভাগ্যবশত, তাদের এমন কোনো বাবা-মা নেই যারা তাদের যত্ন নেয়। আমাদের স্বর্গীয় পিতাও কি সেরকম? আমাদের স্বর্গীয় পিতা কি আমাদের যত্ন নেন না? আমাদের স্বর্গীয় পিতাকে সেইসব শিশুদের বাবাদের সাথে একই শ্রেণীতে ফেলা একটি অপমান, যারা ওই ময়লার ঝুড়ি থেকে খাচ্ছে। এই শিশুরা জানে না তাদের পরের খাবার কোথা থেকে আসবে - তাদের উদ্বিগ্ন হওয়ার যুক্তি আছে, কারণ তাদের পার্থিব বাবারা তাদের যত্ন নেয় না। কিন্তু আপনার যদি একজন স্বর্গীয় পিতা থাকেন এবং আপনি উদ্বিগ্ন হন, তাহলে আপনি বলছেন যে আপনার স্বর্গীয় পিতাও একই শ্রেণীতে পড়েন।

"এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, প্রাণের বিষয়ে ভাবিত হইও না" (২৫ পদ)। আপনাদের জীবন নিয়ে উদ্বিগ্ন হবেন না-আপনি কী খাবেন, কী পান করবেন, বা আপনার শরীর নিয়ে। আপনার জীবন কি খাদ্য, শরীর ও পোশাকের চেয়েও মূল্যবান নয়? লূক আকাশের পাখিদের উদাহরণ দিয়েছেন-তারা বীজ বোনে না, ফসল কাটে না, বা শস্যভাণ্ডারে জমা করে না, তবুও আপনাদের স্বর্গীয় পিতা তাদের আহার দেন। রাস্তায় কতবার মৃত পাখি দেখেছেন? রাস্তায় মৃত পাখি দেখা এক অত্যন্ত বিরল দৃশ্য। আমার মনে হয়, সারাজীবনে রাস্তায় মৃত পাখি কতবার দেখেছি তা আমি হাতে গুনে বলতে পারব। আপনি কোথায় পাখিদের অনাহারে মরতে দেখেছেন? এটা এক অত্যন্ত বিরল ঘটনা। পৃথিবীতে লক্ষ লক্ষ পাখি আছে, এবং তারা বীজ না বুনলেও, ফসল না কাটলেও খাবার পায়, এবং তাদের এখানে-সেখানে খাবারের খোঁজে যেতে হয়। কে তাদের খাওয়ায়? প্রভু যীশু বলেছেন, আপনার স্বর্গীয় পিতা তাদের খাওয়ান। তিনি শুধু তাদের স্বর্গীয় পিতা নন; তিনি আপনার স্বর্গীয় পিতা। তিনি তাদের সৃষ্টিকর্তা, এবং তিনিই তাদের খাওয়ান, কিন্তু আপনার ক্ষেত্রে, তিনি শুধু আপনার সৃষ্টিকর্তাই নন; তিনি আপনার পিতা। আপনি কি এই পাখিদের চেয়ে অনেক বেশি মূল্যবান নন?

আমি একবার একটি ছোট্ট কবিতা পড়েছিলাম যা খুবই আকর্ষণীয়। এটি দুটি ছোট্ট পাখির কথোপকথন নিয়ে লেখা। রবিন পাখিটি চড়ুইকে বলল, "আমি সত্যিই জানতে চাই, এই উদ্বিগ্ন মানুষেরা কেন এত ছোটাছুটি করে আর দুশ্চিন্তা করে?" চড়ুইটি রবিনকে বলল, "বন্ধু, আমার মনে হয়, তাদের নিশ্চয়ই এমন কোনো স্বর্গীয় পিতা নেই যিনি তোমার আর আমার জন্য চিন্তা করেন।"

আমাদের মনে রাখতে হবে যে, এটি শুধু একটি সুন্দর গল্প নয়। এটা ঈশ্বরের প্রতি অপমান যে, তিনি আমাদের প্রতিটি উদ্বিগ্নতার বিষয়ে চিন্তা করেন না।

এর সমাধান কী? বাইবেলের ফিলিপীয় ৪:৬ পদে বলা হয়েছে, কোনো বিষয়েই উদ্বিগ্ন হয়ো না। এটি একটি চূড়ান্ত ঘোষণা, " কোনো বিষয়ে ভাবিত হইও না"। কিন্তু উদ্বেগের কারণ নিয়ে আমাদের কিছু একটা করা দরকার। হতে পারে আপনি এখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং আপনি জানেন না এর সমাধান কী হবে। আপনার কী করা উচিত? ঈশ্বর কিছু না করতে বলেননি; তিনি এ বিষয়ে প্রার্থনা করতে বলেছেন। বিনতি করার অর্থ হলো ঈশ্বরের কাছে একটি নির্দিষ্ট অনুরোধ করা এবং সমস্যাটি ঠিক কী তা তাঁকে স্পষ্টভাবে জানানো। বিনতি করার পর, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রার্থনাটি সম্পূর্ণ করতে ভুলবেন না। ধন্যবাদ জ্ঞাপন হলো এই বলা যে, 'হে পিতা, আমার প্রার্থনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমার যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।' ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া একটি প্রাপ্তিস্বীকারের মতো - এটি একটি স্বীকৃতি যে আমার চিঠি ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছেছে এবং তিনি তা গ্রহণ করেছেন - আমি যখন বলি, "আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ," তখন আমি এটাই বোঝাই।

ফিলিপীয় ৪:৭ পদ অনুসারে, যখন আপনি এই দুটি কাজ করেন, তখন "ঈশ্বরের সেই পরম শান্তি, যা আমরা বুঝতেও পারি না, তা খ্রীষ্ট যীশুতে তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে (রক্ষা করা একটি সামরিক শব্দ-দুর্গের মতো)।"

উদ্বিগ্ন না হওয়া একটি আদেশ যা আমাদের অবশ্যই পালন করতে হবে। যখন আমি উদ্বেগ থেকে মুক্ত থাকব, তখন আমি অনেক হতাশা থেকেও মুক্ত থাকব। এটি একটি চমৎকার পদক্ষেপ যা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে।